একটি কবিতার জন্য
+:+:+:+++++++:+:+++:+:+++:++:+:+:
একটি কবিতার জন্য
নর্তকী খুলে ফেললো তার পায়ের নুপুর
মাতাল রমণী ছুঁড়ে ফেললো তার
মদের গ্লাস।
একটি কবিতার জন্য
খবরের কাগজে আর কোন খবর নেই
কবিতাটি ছাড়া।
একটি কবিতার জন্য
দৌড়ে পালিয়ে গেল আত্মঘাতী বোমাবাজ,
মঞ্চে দাঁড়ানো বক্তার থেমে গেল বক্তৃতা।
একটি কবিতার জন্য
প্রেমিকা খোঁজে পেল তার আত্মবিশ্বাস,
বস্তির ছেলেটি থামিয়ে দিল
রাতের দ্রুতগামী ট্রেন।
একটি কবিতার জন্য
মিছিলে গিয়ে দাঁড়ালো বেশ্যার দালাল,
শহরের দোকানগুলো বন্ধ হয়ে গেল
আজ পূর্ণদিবস হরতাল।
একটি কবিতার জন্য
কাঠগড়ায় দাঁড়িয়ে কবি,
সুদখোর লোকটি পাড়ায় দিল
কাঙ্গালী ভোজ
সন্ত্রাসী যুবকটি এ. কে.৪৭ এর বদলে
হাতে তুলে নিল কবিতার বই।
একটি কবিতার জন্য
আমি বুক পকেটে রাখি
লাল সবুজ বাংলা অক্ষর
প্রেমিকার সই।
কবিতা : একটি কবিতার জন্য
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment